২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাড়িতে বিস্ফোরণ: দগ্ধ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ শহরে বাড়িতে গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 10:35 AM

Updated : 25 Jul 2022, 05:21 PM

ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার ভোরে আলেয়া বেগম (৩৮) নামে এই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও আরিফা জহুরা।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় তিন তলা একটি ফ্ল্যাটবাড়িতে ‘পাইপ লিক হয়ে জমে থাকা গ্যাস থেকে’ বিস্ফোরণে এক শিশুসহ দুই পরিবারের ১১ সদস্য দগ্ধ হয়। তাদের মধ্যে শিশুসহ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অন্য ছয়জনকে এখন ওই ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর জেলা প্রশাসন ওই বাড়িটি সিলগালা করে দিয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষ পৃথক আরেকটি তদন্ত কমিটি করেছে।

বিস্ফোরণে তিন তলা বাড়িটির বিভিন্ন ফ্ল্যাটের দরজা-জানালার কাঁচ ভেঙ্গে যায়। দুই রুমের দেয়াল উড়ে পাশের দুই তলা বাড়ির ছাদে পড়ে। সেই বাড়ির দরজা-জানালায়ও দেয়ালে ফাটল দেখা দেয়।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ভবন ‘সিলগালা’
নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ বিস্ফোরণে ১১ জন দগ্ধ