মুন্সীগঞ্জে হেফাজতের দুই নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সিরাজদিখানে হেফাজতে ইসলামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) এবং মোহাম্মদ উল্লা (২১) দুজনেই হেফাজত ইসলামের নায়েবে আমির আ. হামিদ পীর সাহেব মধুপুরের ছেলে।
মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সিরাজদিখান থানার সাবেক ওসি জালাল উদ্দিনের উপর হামলার জেরে তাণ্ডব চালানোর মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই সিরাজদিখান থানায় ১০টি করে মামলা রয়েছে।
