বেনাপোলে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত
যশোরের নাভারণে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধা ও তার ছেলে নিহত হয়েছেন; আহত হয়েছে তাদের সঙ্গে থাকা এক শিশু।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ওসি আসাদুজ্জামান বলেন, শুক্রবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কে কামারবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।
আহত সাত বছর বয়সী রায়সাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শফিকুল ইসলামের ভাইপো তৌহিদুল ইসলাম বলেন, তার চাচা শফিকুল ইসলাম মেয়ে রায়সা ও মা শফুরা বেগমকে মোটরসাইকেলে নিয়ে নাভারণ যাচ্ছিলেন।
“তুলি সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।”
ওসি আসাদুজ্জামান জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শফিকুল ইসলাম এবং বিকালে শফুরা বেগম মারা যান।
শিশু রায়সার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানান তিনি।
ওসি আসাদুজ্জামান জানান, ট্রাক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
