কোভিড-১৯: ফরিদপুরে আরও ৩ জনের প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় আরও তিন জনসহ ফরিদপুরে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা হলো ১৩৪।
সবশেষ তিন জনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরা হলেন শহরের পশ্চিম খাবাসপুরের মো. ফিরোজ (৬০), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫০) এবং সদরের চরমাধবদিয়া গ্রামের হাসনা হেনা (৪৮)।
সিভিল সার্জন অফিস জানায়, কোভিড-১৯ আক্রান্ত নয় হাজার ২৬৭ জন রোগী বিপরীতে সুস্থ হয়েছে আট হাজার ৫৬৭ জন। রোববার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৩৪ জনের।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৫৪৭ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
মহামারীর ভয়াবহতা প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।
