২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছুরিকাঘাতে নিহত ২

নরসিংদীতে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই কৃষকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2021, 03:03 PM

Updated : 02 Aug 2022, 05:38 PM

বুধবার দুপুরে মেঘনার চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামে এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী জানান।

তিনি বলেন, ‘মানসিক ভারসাম্যহীন’ ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত সেন্টু মিয়াকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)।

গ্রামবাসীর বরাত দিয়ে ওসি বলেন, ফরহাদ দুপুরে তার বাড়ির কাছে কৃষি জমিতে কাজ করছিল। ‘মানসিক ভারসাম্যহীন’ ইউনুস আচমকা ছুরি হাতে তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়ার ওপরও হামলা করেন তিনি।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে এবং নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুসকে আটক করে হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।

তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।