২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটি, ‘লাথিতে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটির সময় এক ‘যুবকের লাথিতে’ আরেক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2021, 05:53 PM

Updated : 02 Aug 2022, 05:37 PM

সোমবার সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ফরহাদ মিয়া (২২) ওই এলাকার মধু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ফরহাদ মিয়া পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী। সম্প্রতি তিনি সোহেল নামের স্থানীয় এক যুবকের সঙ্গে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে সোহেলের কথাকাটাকাটি হয়।

“এ সময় সোহেল জোরে ফরহাদের অণ্ডকোষে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।