২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বই মেলায় উত্ত্যক্তকারী ২ যুবক দণ্ডিত

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলায় নারী দর্শনার্থীদের গোপনে ছবি তোলা ও উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2021, 01:19 AM

Updated : 02 Aug 2022, 05:35 PM

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন জানান।  

এই দুই যুবক হলেন মাগুরা সদর উপজেলার জিয়া (৩০) ও একই এলাকার রফিকুল ইসলাম (৩০)। জিয়া ফরিদপুরে একটি ওষুধ কোম্পানিতে ডেলিভারিম্যান এবং রফিকুল ফরিদপুরের একটি দোকানের কর্মচারী।

সহকারী কমিশনার আল-আমিন জানান, একুশের গ্রন্থমেলায় শুক্রবার বিকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। রাত ৮টার দিকে মেলায় আসা নারী দর্শনার্থীদের গোপনে ছবি তোলেন এবং অশ্লীল কথাবার্তা বলেন এই দুই যুবক।

“ওই নারীদের মধ্যে একজন ওই দুই যুবকের একজনের মোবাইল কেড়ে নেন। পরে দেখতে পান মোবাইলে তাদের বিভিন্ন ছবি তোলা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।”

ভ্রাম্যমাণ আদালতে জিয়াকে ৩ মাস ও রফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সহকারী কমিশনার জানান।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দানে গত ২০ মার্চ সকালে ‘আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে ফরিদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। মেলা আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে।