বাসের ধাক্কা গাছে, নিহত দুই
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
উপজেলার মাধবপুর এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা য়ায়নি।
খোকন বলেন, “যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
