ফরিদপুরে ভেঙে পড়া সেতুর মেরামত হয়নি ৫ দিনে
সেতু ভেঙে ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর সড়কে যোগাযোগ বন্ধ হওয়ার পর পাঁচদিন পেরিয়ে গেলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
উপজেলার জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের উপরে স্থাপিত বেইলি ব্রিজটি গত ২০ মার্চ ট্রাকের ভারে ভেঙে পড়ে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয় আলমাস বলেন, বিগত ৮০’র দশকে কুমার নদের উপর এ বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজটি ভেঙে পড়ে। একাধিকবার ব্রিজটির স্থানে সিমেন্টের ঢালাই ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি।”
ঘটনার দিন ধাওয়াপাড়া থেকে বালুবাহী ১০ চাকার একটি ট্রাক বেইলি ব্রিজে ওঠে। এরপর অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে এবং ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
