গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের কালীগঞ্জের নলছাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া (৫৫) তুমুলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকার আড়ত থেকে কাঁচামাল আনতে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন ফিরোজ। পরে কাঁচামাল নিয়ে তিনি সিএনজি চালিত অটোরিকশায় করে কালীগঞ্জে ফিরছিলেন।
পথে সোমবার ভোর ৫টার দিকে নলছাটা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে টঙ্গীগামী অজ্ঞাত এক ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ফিরোজ গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।
