২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হামলায় আহত

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাবু হামলা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2021, 04:05 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত হালকা যান চলাচলে কড়াকাড়ি আরোপ করার জেরে এই হামলা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।

তিনি বলেন, কক্সবাজার পৌর কর্তৃপক্ষ লাইন্সেনবিহীন ব্যাটারিচালিত ইজি বাইক (টমটম) চলাচলে কড়াকাড়ি আরোপ করেছে। বেশ কিছু লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়েছে।

ওসি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন,  লাইসেন্সবিহীন টমটম আটক করার জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টমটম মালিক সমিতির নেতার পরিচয়ে রুহুল কাদের মানিক নামে এক ব্যক্তির নেতৃত্বে ১০-১৫ জন পৌরসভার গেটে দাঁড়িয়ে করে। প্যানেল মেয়র মাহাবুবুর রহমান তাদের শান্ত হওয়ার অনুরোধ জানান। এতে রুহুল কাদের মানিক প্যানেল মেয়রের ওপর হামলা চালান।”

মানিককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে জানিয়ে তিনি বলেন, হামলায় মাহাবুবুর রহমান মাবু বুকে ও মাথায় আঘাত পেয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোকানমালিকরা ধর্মঘট শুরু করেছে। একই সঙ্গে শহরে মিছিল সমাবেশ হয়েছে। সমাবেশ বক্তারা এখন থেকে কক্সবাজার শহরের লাইন্সেনবিহীন টমটম চলাচল করতে দেবে না বলে ঘোষণাও দেন।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম সমাবেশে ছিলেন।