বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফানুল ইসলাম কক্সবাজারে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি শনিবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বিওপির চেকপোস্টে সাংবাদিকদের বলেন, শনিবার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে এসে নাফ নদীর জলসীমাসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক।
“যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেছেন।”
বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, “মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্যেও দুই দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের মত এখনও কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ফয়সল বলেন, “সীমান্তে নজরদারির পাশাপাশি সতর্কতামূলক অবস্থানে থাকলেও বিজিবি অতিরিক্ত সদস্য নিয়োজিত করেনি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিজিবির আগের মত স্বাভাবিক যোগাযোগ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অস্থিতিশীল পরিস্থিতি নজরে আসেনি।”
