২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2021, 01:13 PM

Updated : 07 Apr 2022, 10:43 PM

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল জানান, শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খাল সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সাইয়্যদুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা।

“এ সময় টর্চলাইটের আলো ফেললে বস্তাটি রেখে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।"

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।