২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গাজীপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2021, 02:30 PM

Updated : 02 Aug 2022, 05:21 PM

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে এবং গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতল এলাকার আলতাফ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬) এবং শেরপুরের ঝিনাইগাতী থানার জারুলতলা এলাকার জুলহাস আকন্দের ছেলে মেহেদী হাসান (১৪)। 

সালনা হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, সকালে রিকশায় করে শামীম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাত একটি গাড়ি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাযাত্রী শামীম রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

শামীম হোসেন ওই এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেন তিনি।

অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল অবস্থায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল।

সকালে পাথর বোঝাই একটি ট্রাক উল্টো পথে এসে ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক আজাদ হোসেন এবং তার সহকারী মেহেদী হাসান গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।