যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোরের মণিরামপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মুকুল হোসেন (৩২)। তার বিস্তারিত পরিচয় জানা যায় নি।
স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান বলেন, “দুর্বৃত্তরা মুকুলকে এলোপাতাড়ি কুপিয়ে মদনপুর কবরস্থানের পাশে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
নিহতের বড় ভাই শাহীন মোড়ল বলেন, “শিরিলি মদনপুর গ্রাম থেকে ৩-৪ দিন আগে দুটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেলের একটি পাওয়া যায় গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজ কবিরাজের মুদি দোকানে।
“এ নিয়ে মোন্তাজের সঙ্গে মুকুলের বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে আগামী রোববার শালিস হওয়ার কথা ছিল। এরই মধ্যে মুকুল খুন হল।“
মোন্তাজ ও তার ছেলে টিপু এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে শাহীনের অভিযোগ।
এ বিষয়ে মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, “স্থানীয় কোন্দলের জেরে মুকুল খুন হয়েছে বলে জানা গেছে।”
