নওগাঁয় ভিজিডির চাল জব্দ
নওগাঁর রাণীনগরে একটি বাড়ি থেকে ভিজিডির ৫৫০ কেজি চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
বুধবার দুপুরে গোনা ইউনিয়নের বেতগাড়ী বাজারে এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার রাশেদুল ইসলাম জানান, বুধবার সকালে বেতগাড়ী বাজারে গোনা ইউনিয়ন পরিষদ থেকে ২৫০ জন সুবিধাভোগীর প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
“কিন্তু রহস্যজনক কারণে ইউনিয়ন পরিষদের পাশের বাজারের একটি ঘরে ভিজিডির চাল গুদামজাত করে রাখা হয়েছে এমন সংবাদে আসে।”
এরপর চাল ব্যবসায়ী হামিদুল ইসলামের ঘরে খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন বলে সহকারী কমিশনার রাশেদুল ইসলাম জানান।
“অভিযানের সংবাদ পেয়ে হামিদুল ইসলাম ঘরে তালা দিয়ে পালিয়ে যান। পরে ওই ঘরের তালা ভেঙে প্রায় ৫৫০ কেজি চাল জব্দ করে স্থানীয় চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসানের জিম্মায় রাখা হয়।”
হামিদুল ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফাদেল প্রামানিকের ছেলে।
এই ঘটনায় প্রচলিত আইনে হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
