নবাবগঞ্জের মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরি, গ্রেপ্তার ২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও গয়না চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হরিষকুল গ্রামের মোকলেস চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (৩৯) ও বলমন্তচর গ্রামের কার্তিক রাজবংশীর ছেলে প্রেমা রাজবংশী (৩৫)।
নবাবগঞ্জ থানার পুলিশ এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত রবি ও মঙ্গলবার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া গ্রামে পরপর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। একই সঙ্গে গয়না ও পোশাকসহ প্রতিমা চুরি হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হলে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সাগরকে আর পরে প্রেমাকে গ্রেপ্তার করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া সোনার টিপসহ ‘অন্যান্য মালামাল’ উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
