মহামারীর ধাক্কা সামলে বাড়ছে মাছ রপ্তানি
করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াচ্ছে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত চিংড়িসহ হিমায়িত মৎস্যশিল্প।
গেল অর্থ বছরের চাইতে এ বছরের প্রথম চার মাসে ইউরোপের বাজারে বেশি চিংড়ি গেছে বলছে সংশ্লিষ্টরা।
গত অর্থ বছরের মাঝামাঝি থেকে চিংড়িসহ হিমায়িত মৎস্য খাতে রপ্তানিতে এক প্রকার ধস নামে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠছে এ খাত।
চলতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপের বাজারে চিংড়ি রপ্তানি হয়েছে ১৪ হাজার ৪৪ মেট্রিক টন, যার মূল্য এক হাজার ৮২ কোটি টাকা; গত অর্থ বছরে ছিল ১২ হাজার ১৫১ মেট্রিক টন।
তবে এ শিল্পকে এগিয়ে নিতে চিংড়ি চাষি, রপ্তানিকারক ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন রপ্তানিকারকরা।
প্রান্তিক চাষিদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলে এবং এ খাতে রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বাড়ালে চীন ও আমেরিকার বৃহৎ বাজার ধরা সম্ভব বলছেন তারা।
খুলনার আছিয়া সী ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম জহির বলেন, “চীনের সঙ্গে রপ্তানিতে আমাদের অনেক জটিলতা রয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার ধরণ অনেক কঠিন। যে কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের পরিচালক হুমায়ুন কবির বলেন, প্রান্তিক চাষিদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ এবং সরকার, দূতাবাস ও ব্যবসায়ী সংগঠনগুলো এক সঙ্গে পদক্ষেপ নিলে এ ব্যবসা আরও প্রসারিত হবে।
গত অর্থ বছরে বাংলাদেশ থেকে হিমায়িত মৎস্য রপ্তানি হয় সাড়ে ৪ হাজার কোটি টাকার। এর মধ্যে শুধুমাত্র খুলনা থেকে চিংড়ি রপ্তানি হয়েছে ৪ হাজার কোটি টাকার জানান তিনি।
অপরদিকে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাবদা, ট্যাংরা, ভেটকি, পাঙাশ, গজালসহ মিঠাপানির মাছ রপ্তানিও বেড়েছে।
খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা তৌফিক মাহমুদ জানান, মহামারী পরিস্থিতির মধ্যেও চিংড়ির পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিও বেড়েছে। ভারতে পাবদা এবং কার্প জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও গ্রাস কার্পের চাহিদা বেশি। যে কারণে রপ্তানিও বেড়েছে।
চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ভারতে প্রায় এক কোটি ৬২ লাখ কেজি মাছ রপ্তানি হয়েছে। যার রপ্তানি আয়ের পরিমাণ দুই কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
দেশে উৎপাদিত চিংড়ির ৮০ ভাগই খুলনাঞ্চলে উৎপাদিত হয়। পাবদা উৎপাদিত হয় যশোরে। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে ট্যাংরা, ভেটকি, গজালসহ অন্যান্য মিঠাপানির মাছ সংগ্রহ করেন রপ্তানিকারকরা।
চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-নভেম্বর প্রথম এই পাঁচ মাসে রপ্তানি আয়ের পরিমাণ দুই কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
