২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘স্কুলে পরীক্ষা নেওয়ায়’ অধ্যক্ষের ১০ দিনের সাজা

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্কুল বন্ধ রাখার সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে গাজীপুরের এক অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 04:45 PM

Updated : 10 Oct 2022, 07:39 PM

দণ্ডিত মো. কাইয়ুম সরকার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়ায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেন বলে জানান গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।

শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, ওই স্কুলে পরীক্ষা নেওয়ার সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল জাকীকে জানানো হয়।

পরে ইউএনও ওই কলেজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বলেন তিনি।