২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আটকে থাকা ভাস্কর্য নির্মাণের দাবি শিক্ষকদের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসাইন ইমরান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 04:15 PM

Updated : 10 Oct 2022, 07:38 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে এ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের এতিহ্যবাহী ভাস্কর্যের স্থগিত থাকা কাজ পুনরায় শুরু করার দাবি তোলা হয়েছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এ সমাবেশ করেন।

এ সমাবেশ থেকে মৌলবাদী, স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতাকে রুখে দিয়ে বাঙালির চিরায়ত কৃষ্টিকে ধারণ করে ‘সৌন্দর্যের চর্চায়’ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল গনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মস্তাবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক উদ্দিন।

এ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে গোলচত্বরে দাঁড়িয়ে আছে অর্ধ নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য। ‘একজন মা তার সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠানো সময় মাথায় হাত বুলিয়ে আশির্বাদ করছেন’ নান্দনিকভাবে এমনটাই ফুটিয়ে তোলার কথা ছিল ভাস্করের কিন্তু সেটা থেমে যায় ২০১৩ সালেই।

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার’ অভিযোগ তুলে তখন আন্দোলনে নামে জামায়ত-শিবিরসহ মৌলবাদী সংগঠনগুলো। তাতে সায় দিয়েছিলেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।

অধ্যাপক ড. আব্দুল গনি বলেন, “এই ক্যাম্পাসে, সিলেট শহরে যেসব স্বাধীনতা বিরোধীরা ভাস্কর্যের বিরোধিতা করেছিল, তারা ও তাদের দোসররাই আজ জাতীয়ভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে। তাদেরকে রুখে দিতে হবে।”

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ কীভাবে চলবে তা একাত্তরেই নির্ধারণ হয়েছে। চারটা মূলনীতির একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা।

“ভাস্কর্য ও মূর্তি এক নয়। ভাস্কর্য আমাদের এতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। দেশের অনেক জায়গায় মূর্তি আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ আছে। সেখানে ভাস্কর্য বিষয়ে পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলাও একটি ভাস্কর্য। অথচ একটি মীমাংসিত বিষয় নিয়ে স্বাধীনতা বিরোধীরা আজ উঠেপড়ে লেগেছে।”