নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার অবদান অপরিসীম : খালেক
নারী শিক্ষার উন্নয়ন ও নারী মুক্তি আন্দোলনে বেগম রোকেয়ার অবদান অপরিসীম মন্তব্য করেছেন বলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বুধবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি
খালেক বলেন, “পুরুষের পাশাপাশি নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়নের সকলক্ষেত্রে নারীকে সম্পৃক্ত করা হচ্ছে। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙে বেগম রোকেয়া নারী জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেন।”
নারীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মেয়র বলেন, “তার অক্লান্ত পরিশ্রমে বর্তমানে বাংলাদেশে নারীদের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে আজ নারীদের পদচারণা রয়েছে।”
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরি সুফিয়া রমহান শুনু এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।
এ সময় বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও শ্রেষ্ঠ জয়িতারা তাদের অনুভূতি প্রকাশ করেন।
২০১৯-২০ অর্থ বছরে খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ফৌজিয়া সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাজী নাসরিন আক্তার।
খুলনা সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
