গাজীপুরে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সজিব মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান, সজিব মিয়া তার স্ত্রীসহ শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি ভাঙ্গারির দোকানে কাজ করেন। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্বামীর মাঝে-মধ্যে ঝগড়া হতো তাদের।
“রোববার বিকালেও তাদের মধ্যে দাম্পত্য কলহ হয়। পরে স্বামী সজিব মিয়া স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে স্ত্রীর মাথায় সজোরে ধাক্কা দিলে ঘরের দেওয়ালে আঘাত লেগে মাথায় জখম হয়।”
মনিরুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোববার রাতে তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান মনিরুজ্জামান।
নিহত ২৫ বছর বয়সী এই নারী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামের মেয়ে। সজিব ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাত্বোয়াদি গ্রামের কাজল মিয়ার ছেলে।
প্রায় এক বছর ধরে তারা গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
