এমসি কলেজে ধর্ষণ : বৃহস্পতিবার অভিযোগপত্র
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলার দুই মাস পর আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে পুলিশ।
সিলেট সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এবিএম আশরাফ উল্লাহ তাহের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য সিলেট মহানগর বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেবেন।
মামলায় গ্রেপ্তার আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন তার স্বামী শাহপরাণ থানায় ছাত্রলীগকর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় গ্রেপ্তার আট আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এছাড়া গ্রেপ্তার আট আসামির ডিএনএ নমুনার সঙ্গে মামলার আলামত হিসেবে সংগ্রহ করা ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে।
তারা হলেন- প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া, আইনুদ্দিন, মাহফুজুর রহমান ও তারিকুল ইসলাম তারেক।
আরও পড়ুন
