২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে মনিপুরী রাসলীলা উৎসব সম্পন্ন

মৌলভীবাজারে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব রাসলীলা শেষ হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2020, 11:58 AM

Updated : 10 Oct 2022, 07:36 PM

সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মাধবপুরে উৎসবের মণ্ডপে রাখাল নৃত্য দিয়ে শুরু হয় এ উৎসব। আর মঙ্গলবার সকালে গোপী নৃত্য দিয়ে রাসলীলার পর্দা পড়ে।

মনিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহা বলেন, প্রতি বছর কার্তিক তিথিতে কমলগঞ্জের আদমপুর, মাধবপুরে মনিপুরিরা আয়োজন করে রাসমেলার। ঐতিহ্যর ধারাবাহিকতায় এ বছর ১৭৮তম রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়।

“একই সাথে মৌলভীবাজার আদমপুরের সানাঠাকুর মণ্ডপে মণিপুরী মীতৈ সম্প্রদায়ের লোকজন পালন করেছেন ৩৫তম মহারাস উৎসব। এ উৎসবে মণিপুরী সম্প্রদায়ের মহামিলন ঘটে।”

মাধবপুর মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, মাধবপুর জোড়ামণ্ডপে রাসোৎসব সিলেট বিভাগের মধ্যে ব্যতিক্রমী আয়োজন। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের আগমন ঘটে।

তবে করোনাভাইরাসের জন্য এ বছর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করেননি তারা।

পুলিশ সদস্য মিলন সিংহ বলেন, বংশ পরম্পরায় নান্দনিকতার পূজারী মণিপুরীদের মেলবন্ধন এ রাস উৎসব। এটি এখন জাতি-ধর্ম নির্বিশেষে সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। পাশাপাশি এটি তাদের পারিবারিক মিলন উৎসবও।

সেখানে মণ্ডপগুলো সাদা কাগজের নিপুন কারুকাজের নকশায় সাজানো হয়েছে।

উৎসবের প্রথম দিন দুপুর থেকে গোধুলী বেলা পর্যন্ত বর্ণীল পোশাক পরে শিশুরা রাখাল নৃত্য পরিবেশন করে।

সোমবার মহারাত্রির পরশের আশায় মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপগুলো হাজারো মানুষের মিলন তীর্থে পরিণত হয়।

মণ্ডপে মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের রাতভর নৃত্যাভিনয়ে ভক্ত ও দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন।

মনিপুরি সংগীত ও বিশেষ নৃত্যনাট্যর মাধ্যমে উৎসবের মূল আয়োজন কৃষ্ণ অভিসার, রাধাগোপি অভিসার শুরু হয় সোমবার রাত ১২টায়। তরুণ-তরুণীদের পরিবেশনায় এ আয়োজন চলে মঙ্গলবার ভোর পর্যন্ত।