২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, আটক ৩

গাজীপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2020, 12:35 AM

Updated : 18 Aug 2022, 04:08 PM

গাজীপুরের কোনাবাড়ি থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, শুক্রবার দুপুরে তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

আটককৃতরা হলো- যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকার মীর মনোয়ার আলী পিরুর ছেলে মো. মীর হাসান (৩২), কুষ্টিয়া সদর থানার বারাদি মাঠপাড়া এলাকার সোবাহান মৃধার ছেলে আনোয়ার হোসেন (৪৭) ও একই থানার বারোখাদা এলাকার মহর আলী শেখের ছেলে রিন্টু আলী শেখ (৩৫)।

এসআই সাখাওয়াত বলেন, গত ২১ নভেম্বর রাতে গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ট্রাকের মালিক জসিম উদ্দিন বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায়। বৃহস্পতিবার যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ট্রাকের অংশবিশেষ উদ্ধার এবং রাতে ঝিনাইদহ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।

“ট্রাক চুরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। একটি চক্র ট্রাকটি চুরি করে যশোরে নিয়ে যায়। সেখানে ট্রাকের বডি কেটে ফেলে। পরে ট্রাকটি ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়।”