২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিকাশের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

কক্সবাজার শহরে বিকাশ পরিবেশকের টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2020, 12:32 AM

Updated : 18 Aug 2022, 04:07 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, শুক্রবার সকালে শহরের চৌধুরী পাড়া থেকে সাড়ে ৫৬ লাখ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৪৪), একই এলাকার আবুল হোসাইনের ছেলে জসিম উদ্দিন (৫৫) ও জসিমের স্ত্রী মাজেদা বেগম (৪২)।

মোহাম্মদ ইসমাঈল কক্সবাজার সদর, রামু ও মহেশখালী উপজেলার বিকাশ পরিবেশক এনএফ এন্টারপ্রাইজের অটোরিকশার চালক। তিনি অটোরিকশায় করে প্রতিষ্ঠানটির লেনদেনের টাকা আনা-নেওয়া করতেন বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক বিপুল মামলার এজাহারের বরাতে বলেন, বুধবার ৬০ লাখ টাকা নিয়ে ইসমাঈল উধাও হয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়। পুলিশ তদন্ত করে ইসমাঈলসহ তিনজনকে এ ঘটনায় জড়িত বলে শনাক্ত করে। পরে প্রথমে ইসমাঈলকে, পরে তার তথ্যের ভিত্তিতে অন্য দুইজনকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারকৃতদের বাড়িতে বস্তার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ৫৬ লাখ টাকা উদ্ধার হয়। পুলিশ বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে।”