বাঁশবাড়িয়া সেতুর মুখে অবৈধ দোকানে চলাচলে বিঘ্ন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঁশবাড়িয়া সেতুর সংযোগ সড়কের ওপর প্রভাবশালীদের ১০টি দোকানের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
সম্প্রতি পুলিশের বাধা আমান্য করে রাতে আঁধারে এসব দোকান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সেতুতে ওঠার সময় যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে বলেও শঙ্কা করছেন স্থানীয় চালকরা।
প্রায় ১০ বছর আগে বাঁশবাড়িয়া বাজারের খালের ওপর এলজিইডি এ সেতু নির্মাণ করে। এ সেতু দিয়ে প্রতিদিন গোপালগঞ্জের কোটালীপাড়া এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শত শত যানবাহন চলাচল করে।
বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, এলাকার কিছু লোক অবৈধভাবে সেতুর সাথেই দোকান নির্মাণ করছেন খবর পেয়ে সেখানে গিয়ে তাদের কাজ বন্ধ করে দিয়ে চলে আসি। কিন্তু পরদিন সকালে দেখি দোকানগুলো নির্মাণ হয়ে গেছে।
তিনি বলেন, প্রভাবশালী মুরাদ তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, মিরাজ তালুকদার ও মাসুম তালুকদার যখন দোকানগুলো নির্মাণ করেন, তখন বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাধা দিয়েছিলেন। কিন্তু তারা রাতের অন্ধকারেই দোকানগুলো নির্মাণ করেন।
এছাড়া সেতু সংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রভাবশালীরা আরো ২০টি দোকান গড়ে তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেন তিনি।
লেগুনা ও মহেন্দ্র গাড়ি চালক শওকত শেখ, ইমরান শেখ, আমির আলী, জুয়েল ইসলাম ও ঠান্ডা খা জানান, দোকানগুলো নির্মাণ হওয়ায় ওঠা-নামার সময় সেতু ঠিকমতো দেখা যায় না। এছাড়া এ সেতু দিয়ে মানুষও চলাচল করে, তাদের সাইড দিতে হয়।
শওকত শেখ বলেন, একটু অসাবধান হলেই যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে, অবৈধভাবে এসব দোকান নির্মাণকারী জাহাঙ্গীর তালুকদার, মিরাজ তালুকদার ও মুরাদ তালুকদার জানান, রাস্তার পাশে সরকারি জায়গায় অনেকেই দোকান নির্মাণ করেছে। তাদের প্রশাসন কিছু বলে না। তাই তারাও জায়গা ফাঁকা পেয়ে দোকান নির্মাণ করেছেন।
এ ব্যাপাওে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে কেউ থাকতে পারবে না। এ বিষয়ে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
