অন্যদের রেষারেষিতে আমরা নাই: চীন-ভারত প্রসঙ্গে মোমেন
ভারত ও চীনের বৈরী সম্পর্কের মধ্যেও বাংলাদেশ বৃহৎ দেশ দুটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “অন্যদের রেষারেষিতে আমরা নাই। আমরা আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের মঙ্গলের জন্য যা ভালো, সেটা আমরা করব।
“এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়চেতা। অন্যরা কি ঝগড়াঝাটি করল, উই ডোন্ট কেয়ার। আমরা বরং সবার সাথেই বন্ধুত্ব রাখব।”
প্রকল্পের কিছু কাজে ভারতের অংশীদারিত্ব থাকায় চীনের সঙ্গে তাদের বৈরী সম্পর্কের প্রভাব বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে পড়বে কি না, জানতে চান একজন সাংবাদিক।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ঐতিহাসিক বন্ধু। আমাদের সাথে এমন একটি বন্ধুত্ব, কষ্ঠিপাথরের মতো সম্পর্ক, এখন সোনালী অধ্যায় যেটাকে বলে।
ভারতের সঙ্গে স্থলসীমা, সমুদ্রসীমা ও পানি বণ্টনের মতো বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, “চীনও আমাদের বড় বন্ধু। তারা বিভিন্নভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে। তাদের সাথে কোনো শত্রুতা নাই। আমাদের দুজনের সাথে ভালো বন্ধুত্ব।”
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের জন্য বিশাল একটি অর্জন। আমাদের মতো দেশের জন্য এই অকল্পনীয় প্রকল্প বাস্তবায়ন কেবল প্রধানমন্ত্রীর দুঃসাহসিক সিদ্ধান্তের কারণেই সম্ভব হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “করোনাভাইরাস পরিস্থিতিতে সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও রূপপুরে নিরবচ্ছিন্ন কাজ করেছেন রাশিয়ান ও দেশীয় কর্মীরা। তাদের কারণেই শিডিউল অনুযায়ী কাজ এগিয়ে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, “ইতোমধ্যেই রাশিয়া থেকে রিঅ্যাকটর প্রেসার ভেসেলের ভারী যন্ত্রাংশ নদী পথে প্রকল্পের নবনির্মিত জেটিতে পৌঁছতে শুরু করেছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫২ সদস্যের প্রতিনিধি দল প্রকল্প এলাকা ঘুরে দেখে।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।
