যশোর ‘ছোটো ভাইয়ের’ ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে ছোটো ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার উপশহরের হাউজিং এস্টেটে এই ঘটনা ঘটে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
নিহত মিরাজ হোসেন (২৪) সদর উপজেলার পাগলাদহ গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
নিহতের বোন রোজিনা খাতুন বলেন, তারা চার বোন ও দুই ভাই। উপশহরে বাবলাতলায় ভৈরব নদের পাড়ে একটি ভাড়া বাড়িতে থাকেন তাদের ছোটো বোন ময়না খাতুন। শুক্রবার দুপুরে তারা তিন বোন, দুই ভাই ও তাদের মা ইলাচি বেগম সেখানে দাওয়াতে আসেন।
তিনি বলেন, বড়ো ভাই মিরাজ মাদকাসক্ত। তার দুই স্ত্রী। বড় স্ত্রীকে নিয়ে তিনি পাগলাদহে থাকতেন। আর ছোটো স্ত্রী উপশহরের একটি বাড়িতে ভাড়া থাকেন।
রোজিনা বলেন, ছোট বোনের বাড়িতে দাওয়াতে আসার পর গোসল করা নিয়ে বড়ো স্ত্রীর সঙ্গে মিরাজের কথা কাটাকাটি হয়। এর জেরে তার ছোড়া ইটের আঘাতে আহত হন ছোটো ভাই ইরানের স্ত্রী।
“এই নিয়ে বিবাদের এক পর্যায়ে ইরান বড়ো ভাই মিরাজের বুকের বামপাশে ছুরি বসিয়ে দেন। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর মিরাজ মারা যান।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বলেন, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরাজকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর ৫০ মিনিট পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলমের কাছে কয়েকদফা ফোন করেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
