২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 05:07 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

মোমবাতি প্রজ্বালন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে লেখককে স্মরণ করেছেন পরিবারের সদস্য, স্বজন, নুহাপল্লীর কর্মী ও ভক্তরা।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, শুক্রবার প্রথম প্রহরে ১০০১টি মোমবাতি জ্বালিয়ে এবং কেক কেটে জন্মদিনের কর্মসূচি শুরু করেন নুহাশ পল্লীর কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার দুই ছেলে নিষাদ ও নিনিত এবং ভক্তদের নিয়ে তার কবরে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতে অংশ নেন।

হিমু পরিবহনের সদস্যরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা লেখকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে যোগ দিতে আসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

তিনি বলেন, “আশির দশকের মধ্যবিত্ত মানসিকতার যে উপন্যাস তা ২০২০ সালে পড়েও পাঠকরা হুমায়ুন আহমেদকে ভালবাসছেন, তার লেখার মূল বক্তব্যটা তারা বুঝতে পারছেন। এটা আমার কাছে মধুর আশ্চর্যের বিষয়, এটা আমার কাছের আনন্দের একটা ব্যাপার।”

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন।