গাজীপুরে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া রাজ উদ্দিন বলেন, মাওনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাব-স্টেশনের নিচ তলায় ডিসি রুমে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে ওই সাব-স্টেশনের ব্যাটারি ও পরিত্যক্ত কিছু মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
