একজন সংগ্রামী নারী রাজশাহীর পত্রিকা-হকার খুকি
“জন্ম নেওয়া সহজ, জীবন বড়ো কঠিন। জীবন একটি নৌকার মতো যাকে তার তীরের সন্ধান করতে হয়; আমি একটি জলন্ত মোমবাতি কখন যে নিভে যাব জানি না। কিন্তু আমি শেষ পর্যন্ত জ্বলব।’’
কবিতা আবৃত্তির মতো করে কথাগুলো বললেন রাজশাহীর নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি।
খবরের কাগজ বিক্রি করতে মানুষের কাছে গিয়ে নানা বিরূপ আচরণের শিকার হন খুকি। তার আত্মমর্যাদার জন্য লড়াইয়ের কথা না জেনে অনেকে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সাক্ষাতে এসব কষ্টের কথা বললেন খুকি।
“আমি খবরের কাগজ বিক্রি করে নিজের জীবন চালাচ্ছি, এটা কি অসম্মানের? এটা কীভাবে অন্য কারো মানহানি করে? কোনো কাজই তো ছোট নয়।’’
দিল আফরোজ খুকি তিরিশ বছর ধরে সংবাদপত্র বিক্রি করছেন। পঞ্চাশের উপর বয়স হলেও তিনি সংবাদপত্র বিক্রি করে চলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি নিজের জীবনের সংগ্রামের কথা বলেন।
কারো দয়ার পাত্রী না হয়ে বেছে নেন সংবাদপত্র বিক্রির পেশা। এজেন্টদের কাছ থেকে সংবাদপত্র সমগ্রহ করেন সকালে। সারাদিন শহরের বিভিন্ন রাস্তায়, অলিতে-গলিতে ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করেন। মাইলের পর মাইল হাঁটেন। তার কাঁধে ঝুলে থাকে সংবাদপত্র ভরতি একটি কাপড়ের ব্যাগ।
মানুষের কাছে উপহাস, লাঞ্ছনা, গঞ্জনা পেলেও তিনি দমে যাননি। বরং সব সময় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনেককে নগদ অর্থ ধারও দেন, যাদের বেশির ভাগই নারী।
যাদের দান করেছেন তাদের বেশির ভাগের নাম মনে নেই বলে জানান দিল আফরোজ খুকি।
রুমি জানান, ১৯৯১ সালে তিনি তৎকালীন (বর্তমানে বন্ধ) রাজশাহীর আঞ্চলিক ‘সাপ্তাহিক দুনিয়া’ পত্রিকা বিক্রি করা শুরু করেছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ শফি উদ্দিন সাপ্তাহিকের অন্যতম কর্ণধার ছিলেন।
খুকির বোনের স্বামী আবদুল আজিজ তাকে আহমেদ শফি উদ্দিনের কাছে নিয়ে যান একটি চাকরির অনুরোধ নিয়ে।
শফি আরও বলেন, “কয়েকদিন পর খুকি আমাদের অফিসে এসে হাজির। বেঁচে থাকার জন্য চাকরিটা তার দরকার বলে জোর করতে থাকলেন। তিনি ২০ কপি দিয়ে শুরু করে সপ্তাহে ৫০০ কপি পত্রিকা বিক্রি করতে সময় নেননি। আমরা তাকে স্বর্নপদক দিয়েছিলাম।”
ধীরে ধীরে তিনি শহরের অন্যান্য স্থানীয় দৈনিকও বিক্রি শুরু করেন বলে শফি জানান।
নগর সংবাদপত্র হকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জামিউল করিম সুজন বলেন, খুকি এখনো প্রতিদিন ৩০০টিরও বেশি খবরের কাগজ বিক্রি করেন। আগে আরও বেশি বিক্রি করতেন। ইন্টারনেটের অগ্রগতিতে এখন সংবাদপত্রের বিক্রি কমেছে।
তিনি নগদ টাকা দিয়ে খবরের কাগজ কেনেন, কখনও বাকি রাখেন না। কারো কাছ থেকে সহায়তা নেন না, নেওয়াটা অসম্মান বলে মনে করেন। বরং তিনি যাদের প্রয়োজনে তাদের দান করেন।
