২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতালে ‘অবহেলায়’ প্রসূতির মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশ্বাস ক্লিনিক অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে ‘চিকিৎসায় অবহেলায়’ এক প্রসূতি মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 09:46 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, অভিযোগ ওঠার পর রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে।

নিহত রমনী খাতুন (২৫) উপজেলার বেগুনবাড়িয়া এলাকার বাচ্চুর স্ত্রী।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, শনিবার রাত ৩টার দিকে রমনী খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। কিন্তু রোববার সকাল ৮টা পর্যন্ত তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। পরে যখন চিকিৎসক এসে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেন, ঠিক সেই মুহূর্তে তিনি মারা যান বলে পরিবারের অভিযোগ।

এতে শোকার্ত পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে স্থানীয়রাও বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে।  এ ঘটনার বিচার চেয়ে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেয় পরিবার।

ওসি বলেন, পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী অভিযোগের প্রাথমিক সত্যতা পান। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।