ওবায়দুল কাদেরের ‘জাল’ স্বাক্ষরে নেতা বহিষ্কার, থানায় জিডি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর ‘জাল’ করে কুড়িগ্রামের উলিপুরে এক নেতাকে দল থেকে বহিষ্কারের চিঠি পাঠানোর ঘটনায় থানায় জিডি হয়েছে।
গত বুধবার উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহকে দল থেকে বহিষ্কারের এই আসে স্থানীয় কয়েকজন নেতার কাছে।
নিমাই সিংহ বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সম্বলিত প্যাডে লেখা এই পত্র ‘ত্রুটিপূর্ণ’ ও ‘সন্দেহজনক’ হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি থানায় জিডি করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, নিমাই সিংহ দলের একজন একনিষ্ঠ কর্মী।
“খোঁজ নিয়ে জানা গেছে ওই বহিষ্কারাদেশ পত্রটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। পত্রটি ও স্বাক্ষর দুটোই জাল। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা দলের জন্য আত্মঘাতী। এদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।”
দলের স্থানীয় নেতারা জানান, নিমাই সিংহকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করার কথা জানিয়ে দলের প্যাডে একটি চিঠি আসে গত বুধবার (৪ নভেম্বর)। দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সম্বলিত প্যাডে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘স্বাক্ষর’ সম্বলিত এই চিঠি লেখা হয়েছে। চিঠিতে গত ১৫ সেপ্টেম্বর সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্ঘলা ভঙ্গের কথা বলা হয়।
পত্রটি গত ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহসহ বিভিন্ন নেতার নামে ডাকযোগে আসে।
স্থানীয় নেতারা আরও বলেন, ওই পত্রে নিমাই সিংহ-এর নামের বানান ভুলসহ আরও ১০টি জায়গায় বানান ভুল রয়েছে। এছাড়া অনুলিপিতে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের নামের বানানও ভুল করা হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যার্শী প্রায় এক ডজন নেতা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে নিমাই সিংহও আছেন।
এই নির্বাচন থেকে নিমাইকে ছিটকে ফেলে দেওয়ার জন্য এই ঘটনা কেউ ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিমাই সিংহ বলেন, “একটি কু-চক্রী মহল আসন্ন পৌর নির্বাচনে আমার ভাবমুর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত থেকে শুধু আমাকেই হেয় করেনি বরং ওবায়দুল কাদের সাহেবের স্বাক্ষর জাল করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। এই কারণে আমি বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছি।”
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, জিডি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
