২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ‘ডাকাত সন্দেহে’ পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ‘ডাকাত সন্দেহে’ অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 05:40 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

শুক্রবার ভোরে হাইজাদি ইউনিয়নের ইলুমদী আমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, রূপগঞ্জের ভুলতায় একটি কারখানায় কাজ করেন আরমান নামের এক যুবক। ওই যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজারে বাড়ি ফিরছিলেন।

“পথে ডাকাতরা অবরোধ দিয়ে তাকে এবং এক অটোরিকশা চালককে গাছের সঙ্গে বেঁধে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়।”

ওসি বলেন, আরমান বাড়ি না ফেরায় তার ভাই ও এলাকার লোকজন তাকে খুঁজতে বের হন। এই সময় আরমানের ভাই দেখতে পান তার ভাইয়ের মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করছে এক যুবক। কিন্তু মোটরসাইকেল স্টার্ট হচ্ছিল না।

“ওই সময় তারা ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বের হয়ে একজনকে ধরে পিটুনি দেয়। এই সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।”

ওসি আরও বলেন, শুক্রবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে হাফ প্যান্ট ছিল। তার পরিচয় জানা যায়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।