কক্সবাজারে আব্দুস শুকুর হত্যা: গ্রেপ্তার ৩
কক্সবাজারে ‘ডাকাতদলের হামলায়’ আব্দুস শুকুর নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন জাদিমুরা এলাকায় আব্দুস শুক্কুর (৩০) গুলিতে নিহত হন।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের ই-ব্লকের ৯৭৩ নম্বর শেডের ৫৪৩৯৪ নম্বর এমআরসির বাসিন্দা আমির হামজার ছেলে মো. শফি (৩০), একই শিবিরের বি-ব্লকের ১০৩৬ নম্বর শেডের ১১ নম্বর কক্ষের বাসিন্দা মুল্লুক আহম্মেদের ছেলে দোস্ত মোহাম্মদ (৩৭) ও ই-ব্লকের মন্তর হোসেনের ছেলে জাফর হোসেন (৫৩)।
এসপি হেমায়েতুর বলেন, “জকির বাহিনীর প্রধান জকিরের নেতৃত্বে একদল রোহিঙ্গা ডাকাত গুলি করে বাংলাদেশি শুক্কুরকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালালে তিনজন ধরা পড়েন।
“তাদের মধ্যে মো. শফি হচ্ছেন জকির বাহিনীর সক্রিয় সদস্য। অন্য দুইজন জকির বাহিনীর সদস্যদের তথ্য সরবরাহ করতেন।”
গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসপি হেমায়েতুর।
