টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের হামলায় বাংলাদেশির মৃত্যু
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের যুবকের হামলায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
নিহত আব্দুর শুক্কুর (৩০) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল বশরের ছেলে।
ওসি বলেন, “সকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ সন্ত্রাসীরা একা পেয়ে বাংলাদেশি স্থানীয় যুবক আব্দুর শুক্কুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।”
শুক্কুর র্যাবের সোর্স হিসেবে তথ্য সরবরাহ করত। এ নিয়ে রোহিঙ্গা ডাকাতদল জকির বাহিনীরা সদস্যরা তার উপর ক্ষিপ্ত ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
