২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যের ওপর হামলা, আহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ ৫ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 08:57 PM

Updated : 25 Jul 2022, 07:06 PM

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের পূর্ব রাঘদী গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান।

আহতরা হলেন- মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস (৫৪), এএসআই গোলাম কিবরিয়া (৪৩), কনস্টেবল হাসান (৩০) , সাইদুর (৩০) ও চালক রাসেল ইসলাম (৩১) ।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বলেন, “পূর্ব রাঘদী  গ্রামের মাদক ব্যবসায়ী সরোয়ার শেখের ছেলে শাহিন শেখের (২৪) কাছে মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে বলে আমরা জানতে পারি। ভোরে ৫ সদস্যের একটি টিম নিয়ে ওই বাড়িতে যাই ।

এ সময় শাহিনের ঘরের দরজা নক করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম দরজা খুলে চিৎকার করলে বাড়ির অন্যান্যরা এগিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় ।

“এক পর্যায়ে আমারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয়পত্র দেখাই। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির লোকজন  ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকে । পরে এলাকাবাসী এগিয়ে এসে  আমাদের উপর ব্যাপক হামলা চালিয়ে বেদম মারধর করে ২ জনকে আটক করে রাখে। এ সময় আমাদের অন্য ৩ সদস্য দৌড়ে পালিয়ে  আত্মরক্ষা করে।  হামলাকারীরা আমাদের কাছ থেকে মোবাইল সেট ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় ।”

পরে সিন্ধিয়াঘাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে; পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া ওয়াকিটকি ও হান্ডকাপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে বলে জানান বিমল। 

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম বলেন, আহত ৫ জনকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

মাদক ব্যবসায়ী শাহিনের চাচা মানোয়ার বলেন, “সাদা পোশাকে কিছু লোক এসে শাহিনের দরজা ধাক্কাধাক্কি করলে আমাদের সন্দেহ হয়।  ডাকাত মনে করে এলাকাবাসী তাদের ওপর হামলা করে।”

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, এ বিষয়ে এখনও কেউ মামলা করেনি।