২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘মৃত মামুনের জীবিত’ ফেরা: ৬ আসামিকে অব্যাহতি

নারায়ণগঞ্জে ছয় বছর মামলা চলার পর ‘মৃত মো. মামুন জীবিত ফেরায়’ ছয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 08:44 PM

Updated : 25 Jul 2022, 07:06 PM

নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম ফারহানা ফেরদৌসের আদালত বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দিয়েছে বলে তাদের আইনজীবী এমদাদ হোসেন সোহেল জানিয়েছেন।

গত ৩ অক্টোবর ছয় বছর আগের একটি অপহরণ ও গুমের মামলায় ‘মৃত’ দেখানো মো. মামুন নামে এক ব্যক্তি আদালতে হাজির হলে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। আদালত এর লিখিত ব্যাখ্যা চায়।

পুলিশের ব্যাখ্যা শুনানি শেষে আদালত ছয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়।

আইনজীবী এমদাদ বলেন, “নারীসহ ছয় আসামি মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তারা ভুয়া অপহরণ মামলার বাদী ও জবানবন্দি দেওয়া সাক্ষীসহ পুলিশের সিআইডি তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় ছয় আসামি ক্ষতিপূরণ দাবি করে আবেদন করেছে আদালতে।”

মামলার আসামি তাসলিমা আক্তার বলেন, “ছয় বছর ধরে হয়রানি করেছে আমার পরিবারকে। মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যাওয়ার পর রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। মামুনকে খুন না করে, অপহরণ না করেও, মিথ্যা মামলায় জেলহাজতে থাকতে হয়েছে। যারা আমাদের মিথ্যা মামলায় হয়রানি করেছে তাদের শাস্তি চাই। রাষ্ট্রের কাছে আমি ক্ষতিপূরণ চাই।

এছাড়া আদালত মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ  সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদকে ব্যাখার দায় থেকে অব্যাহতি দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ জিল্লুর রহমান বলেন, “পুলিশ ও সিআইডির দুই কর্মকর্তার তদন্তের নথি পর্যালোচনা করে আদালত পরবর্তী আদেশ দেবে।”

মামলার এজাহারে চাঁদপুর জেলার মতলব থানাধীন শাখারীপাড়ার আবুল কালাম অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ার তাসলিমার সঙ্গে তার ছেলে মামুনের প্রেমের সম্পর্ক ছিল। এ সর্ম্পকের জের ধরে ২০১৪ সালের ১০ মে মোবাইল ফোনে তার ছেলে মামুনকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।

মামলার নথি থেকে জানা যায়, এই ঘটনার দুই বছর পর ২০১৬ সালের ৯ মে মামুনকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছে অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা করেন আবুল কালাম। ওই মামলায় গার্মেন্টসকর্মী তাসলিমা, তার বাবা রহমত উল্লাহ, ভাই রফিক, খালাত ভাই সাগর, সোহেল ও ছাত্তার মোল্লাকে আসামি করা হয়। পুলিশ ওই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালতে এক আসামিকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন এসআই মিজানুর রহমান। কিন্তু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মামলার সাক্ষী ও আবুল কালামের প্রাক্তন স্ত্রী মাকসুদা বেগম।

ওই জবানবন্দিতে আসামিরা মামুনকে শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় বলে বলা হয়, যা পুলিশের তদন্তেও উঠে এসেছিল বলে জানিয়েছিলেন ওই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘মৃতের’ ফেরার আরেক ঘটনা, পুলিশের ব্যাখ্যা চায় আদালত
নারায়ণগঞ্জে ‘মৃত মামুনের জীবিত’ ফেরা: ৩ কর্মকর্তাকে আদালতে তলব