২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্স দুর্ঘটনা: সবাইকে হারিয়ে একা হয়ে গেলেন ইমন

প্রায় তিন বছর আগে ছোট ছেলে ইফাদ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার দুটি পা কেটে ফেলতে হয়। এই শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারান মা আরবি বেগম। তাকে ভর্তি করা হয় পাবনায় মানসিক হাসপাতালে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 12:49 AM

Updated : 10 Oct 2022, 07:32 PM

তাকে নিয়ে মঙ্গলবার পাবনা থেকে অ্যাম্বুলেন্সে করে যশোরে ফিরছিলেন ইফাদের বড় ভাই হাফিজুর রহমান ইমন। কিন্তু পথে কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা, বাবা, ছোট ভাই ও মামাকেও হারিয়েছেন তিনি।

তাদের বাড়ি যশোর শহরের পুরাতন কসবা এলাকায়। শহরের কারবালা কবরস্থানে বুধবার সকালে চার স্বজনের লাশ দাফনের পর কান্নায় ভেঙে পড়েন ইমন।

ওই দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালক টিপু মোল্লার লাশ দাফন করা হয়েছে নড়াইলের লক্ষ্মীপাশা উপজেলায়; যেখানে তাদের বাড়ি।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত  

ইমন ন্যাশনাল ব্যাংক ঢাকার গুলশান করপোরেট শাখার একজন গাড়িচালক। দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিলে তার ছোট ভাই ইফাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার দুটি পা পুড়ে যায়। মাথাও কিছুটা পুড়ে গেছিল। তার দুটি পা কেটে ফেলেন চিকিৎসকরা।

“এই দুর্ঘটনার শোক সইতে না পেরে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা বেশি খারাপ হওয়ায় দুই মাস আগে পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বাবা, ছোট ভাই ইফাদ ও দুই মামা সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে মাকে নিয়ে আসছিলেন।”

পথে মারা যান ইমনের মা আরবি বেগম, বাবা মফিজ উদ্দিন, ছোট ভাই ইফাদ, মামা আলিম শেখ ও অ্যাম্বুলেন্স চালক টিপু মোল্লা।

এছাড়া ইমনের অন্য মামা ইনসান শেখ প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজন বলে জানান ইমন।

ইমনের আর কোনো ভাইবোন নেই। বাবা-মা ও ভাইকে হারিয়ে তিনি এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য বলে তার স্বজনরা জানান।