২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফেনীর সেই ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের মামলা শুরু হচ্ছে

ফেনীতে ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের এএসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে মাদকের মামলার অভিযোগ গঠন করে কার্যক্রম শুরু করেছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 11:15 AM

Updated : 10 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

ইয়াবাসহ গ্রেপ্তার এএসআই মাহফুজুর রিমান্ডে

মঙ্গলবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আলোচিত এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ।

দুই দফা অভিযোগপত্র সন্তোষজনক মনে না করার পর তৃতীয় দফায় সিআইডির করা অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার কার্যক্রম শুরু হচ্ছে।

হাফেজ আহম্মদ জানান, ফেনীতে মাদক আইনে পুলিশ কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমান ও আইনজীবী জাকির হোসেনসহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আসামিরা হলেন, এএসআই মাহফুজুর রহমান এবং তার গাড়ি চালক জাবেদ আলী।

অপর আসামিরা হলেন, ঢাকা জজ আদালতের আইনজীবী জাকির হোসেন, কুমিরা হাইওয়ে থানার তৎকালীন এসআই মো. আশিকুর রহমান, গিয়াস উদ্দিন, সালেহ আহম্মদ, আবদুল মোতালেব, কাশেম আলী, শাহীন, মো. শাহিন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, মো. বিল্লাল হোসেন, ফরিদুল আলম, মো. জাফর, মো. রুবেল সরকার। আসামিদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য।

এ ১৪ আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার এবং চারজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি পাঁচজন আসামি পলাতক রয়েছেন।

অভিযোগ গঠনের সময় আসামিপক্ষের আইনজীবীরা সাত আসামিকে অব্যাহতির আবেদন জানালে দায়রা জজ তা না মঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় র‌্যাবের একটি দল ২৭ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ সাত লাখ টাকাসহ ‘এলিয়ন’ প্রাইভেটকার জব্দ করে।

ওই সময় পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও গাড়ি চালক জাবেদ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন পুলিশসহ চারজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়ি চালক জাবেদ আলী ছাড়াও অপর দুই আসামি ছিলেন চট্টগ্রাম পুলিশের কুমিল্লা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. আশিক ও কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল।

মামলার পর পুলিশি রিমান্ড শেষে ওই বছরের ২৪ জুন এএসআই মাহফুজুর রহমান তৎকালীন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত তাতে সন্তুষ্ট না হয়ে পুনরায় তদন্তের জন্য অপর একজনকে দায়িত্ব দেন।

২০১৬ সালের ২২ মে দ্বিতীয় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দিলে আদালত তাতেও সন্তুষ্ট হয়নি।

এক পর্যায়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের দায়িত্বভার দেওয়া হলে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ওই মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আসামিপক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী সাহাব উদ্দিন আহমদ, আনোয়ারুল করিম ফারুক, কামরুল হাসান, শামসুদ্দিন মানিক, মীর মোশাররফ হোসেন মানিক, তাজুল ইসলাম বিপুল প্রমুখ।