ইয়াবাসহ গ্রেপ্তার এএসআই মাহফুজুর রিমান্ডে
ফেনীতে প্রায় ৭ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের এএসএই মাহফুজুর রহমান ও তার গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে ফেনী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
ফেনী আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন আহম্মেদ জানান, সকালে মাহফুজুর ও গাড়ি চালক জাবেদ আলীকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত মাহফুজুরের তিন দিন ও জাবেদ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে শনিবার রাতে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ এএসআই মাহফুজুরের ‘এলিয়ন’ প্রাইভেট কারটি আটক করে র্যাব। এ সময় এএসআই মাফুজুর ও তার গাড়ি চালক জাবেদকেও গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, এ ঘটনায় রোববার রাতে তিন পুলিশসহ চার জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলার পর গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
মামলার আসামিরা হলেন, এএসআই মাহফুজুর রহমান, গাড়ি চালক জাবেদ আলী, কুমিরা হাইওয়ে থানা এসআই আশিক ও কক্সবাজার গোয়েন্দা পুলিশের এসআই বেলাল।
