২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ভিজিডির অর্থ ‘আত্মসাৎ,’ ফেরতের দাবি

কুড়িগ্রামে একটি এনজিওর বিরুদ্ধে ভিজিডি কর্মসূচির আওতায় দুস্থদের জমা করা অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তা ফেরতের দাবি জানিয়েছে উপকারভোগীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 06:26 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

এই দাবিতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের কয়েকশ উপকারভোগী দুস্থ নারী অংশ নিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭-২০১৮ সালের ভিজিডি হাসনাবাদ, ভিতরবন্দ, নেওয়াশী, সন্তোষপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় তিনশ দুস্থ নারী উপকারভোগীর সঞ্চয়ী অর্থ ব্যাংকে জমা না করে বাস্তবায়নকারী এনজিও ‘কিরা নো কাই’ আত্মসাৎ করেছে।

সেই অর্থ ফেরতের জন্য নারী ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও এইসব দুস্থ মহিলারা তাদের জমাকৃত প্রায় ১৫ লাখ টাকা ফেরত পায়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী নারীদের পক্ষে ফাতেমা আক্তার, ঝরনা বেগম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল, নাগরিক কমিটির সভাপতি প্রভাত কুমার ভৌমিক প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে দুস্থ উপকারভোগী নারীরা একটি মিছিল সহকরে আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবি সম্বলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।