রাজশাহীতে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন
রাজশাহীতে শিশু হত্যার মামলার রায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া লাশ গুম করার অপরাধে সাত বছর এবং চুরির অপরাধে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচার আবদুস সালাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফারুক হোসেন (১৯) রাজশাহীর মোহনপুর উপজেলার ঘোরসা মোল্লাপাড়া গ্রামের ইয়ুব আলীর ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান,
নিহত শিশুর নাম সুইটি আক্তার বন্যা (৭)। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী এবং ঘোরসা মোল্লাপাড়া গ্রামের সমির উদ্দিন বিশুর মেয়ে বন্যাকে ২০১১ সালের ২৩ জুন খুন করা হয়।
ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে বন্যাকে ফারুক তাদের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার কানের দুল খুলে লাশটি টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। বন্যাকে খুঁজে না পেলে স্থানীয়রা ফারুকের বাড়ি ঘেরাও করেন। তারা ফারুককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে সে বন্যাকে হত্যার কথা স্বীকার করে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ফারুককে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশু বন্যার বাবা ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
শরিফুল বলেন, রায়ে হত্যার অপরাধে আদালত ফারুককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন।
লাশ গুমের অপরাধে সাত বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া চুরির অপরাধে এক বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
