পঞ্চাশোর্ধ্ব বয়সী প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পঞ্চশোর্ধ্ব বয়সী এক প্রতিবেশী চাচিকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জের ভাটিরায় এই ঘটনা ঘটে বলে ৫২ বছর বয়সী ওই নারী মামলায় অভিযোগ করেন।
কালীগঞ্জ থানার এসআই মো. নেছার উদ্দিন জানান, শনিবার রাতে এই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার থেকে আসামি মো. সফিকুল ইসলাম (৩৭) পলাতক রয়েছেন।
সফিকুল ইসলাম ভাটিরা এলাকার ঝুমুর উদ্দিন বেপারীর ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন।
কালীগঞ্জ থানার এসআই মো. নেছার উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। স্বামী বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূর প্রতিবেশী ভাসুরের ছেলে সফিকুল ইসলাম তার ঘরের দরজায় কড়া নাড়েন।
“স্বামী এসেছেন ভেবে দরজা খুলে দিলে সফিকুল গৃহবধূকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের ভেতরে ঢোকেন এবং মুখ বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।”
পরে মুখের বাঁধন খুলে গৃহবধূ ডাক চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করেন তিনি।
সফিকুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে নেছার জানান।
