গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
সাতখামাইর এলাকায় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই সুমন মিয়া জানান।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইলের আবু হানিফ (৩০) ও একই জেলার গৌরিপুরের সোহেল রানা (৩৪)।
আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশা যাত্রী কিশোরগঞ্জের করিমগঞ্জের নামাপাড়া জঙ্গলবাড়ি এলাকার রিপা (৩০) ও তার স্বামী সিদ্দিকুর রহমানসহ (৩৮) অজ্ঞাত পরিচয় এক যুবক।
আহত রিপা ও তার স্বামী জানান, তারাসহ চার যাত্রী সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশায় শ্রীপুরের উদ্দেশে রওনা হন। পথে রাত পৌনে ৯টার দিকে সাতখামাইর এলাকায় সামনে থাকা ট্রাকটি হঠাৎ গতি কমিয়ে দিলে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালকসহ আমরা পাঁচজন আহত হই। পরে এলাকাবাসী উদ্ধার করে আমাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”
শ্রীপুর থানার এসআই সুমন মিয়া জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু হানিফ ও সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
