নারায়ণগঞ্জে ধর্ষণের মামলা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
বিয়ের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে ওই নারী বাদী হয়ে কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়নের (৩৫) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার আসামি রাজারবাগ পুলিশ লাইনস্ এ কর্মরত রয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর সঙ্গে কনস্টেবল নয়নের পরিচয় হয়; এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে মসজিদে হুজুর ডেকে তারা বিয়েও করেন।
তবে তাদের কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “ওই নারী একটি বিউটি পার্লারে কাজ করেন। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে নয়ন তাকে ধর্ষণ করেছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।”
নয়ন বর্তমানে রাজারবাগে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
