গাজীপুর-নবীনগর রুটে বিআরটিসি দ্বিতল বাস চালু
গাজীপুর-নবীনগর রুটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু হয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুর নগরীর টেকনগরপাড়ায় বিআরটিসি ট্রেনিং সেন্টারের কেন্দ্রীয় কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া।
প্রধান অতিথি যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে বলেন, এ সার্ভিসকে টিকিয়ে রাখতে হবে। এজন্য এ সার্ভিসের সকলকে আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। সরকারি এ গাড়িগুলোকে নিজের মনে করতে হবে।
গাজীপুর বিআরটিসি বাস ডেপুটি ম্যানেজার অপারেশন নিহার রঞ্জন মজুমদার বলেন, গাজীপুরের চান্দনা-চৌরাস্তা থেকে টঙ্গীর কামাপাড়া হয়ে আশুলিয়া বাইপাস, নবীনগর, সাভার পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটারের ভাড়া হবে ৭০ টাকা। আপাতত ১০টি বাস চলবে। প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
পরে চান্দনা-চৌরাস্তা থেকে ওই সার্ভিসের বাস চলাচল শুরু হয়।
