২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও করার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 12:13 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

মেয়েটি বলছে, ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে রেখে আসামিরা তাকে হুমকি দিয়েছে, কাউকে জানালে তা ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হবে।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ওই স্কুলছাত্রীর বাবা সোমবার মামলা করার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে মঙ্গলবার হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই ছাত্রীর স্বজন ও স্থানীয়রা।

মামলায় বলা হয়েছে, গত শনিবার পিঞ্জুরী ইউনিয়নের স্থানীয় একটি মাছের ঘেরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

মামলার মূল আসামি আলী হোসাইন একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তার সহযোগী হিসেবে ওই গ্রামের মাসুদ হাওলাদারকেও মামলায় আসামি করা হয়েছে।

মেয়েটি বলেছে, সেদিন সকালে প্রাইভেট পড়ে সে স্থানীয় বাজারে গিয়েছিল প্রয়োজনীয় কেনাকাটা করতে। ফেরার পথে আলী হোসাইন ও মাসুদ হাওলাদার তার পথ আটকায় এবং মোটরসাইকেলে তুলে স্থানীয় একটি মাছের ঘেরে নিয়ে যায়।

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

“ঘেরপাড়ের একটি অস্থায়ী ঘরে নিয়ে আলী হোসাইন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। রাজি না হওয়ায় আমাকে সে মারধর করে। এক পর্যায়ে সে আমাকে ধর্ষণ করে।

“এ সময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে সব ভিডিও করে। ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে ওই ভিডিও ফেইসবুকে ছেড়ে দেবে বলে আমাকে হুমকি দেয়।”

ওই ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, “মেয়ে বাড়িতে এসে পুরো ঘটনা বলার পর আমরা তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিই। পরে থানায় গিয়ে জানিয়ে আসি। যে দুইজন এই জঘন্য কাজ করেছে আমি তাদের ফাঁসি চাই।”

মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন, “আলী হোসাইন আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার বোন তাতে রাজি হয়নি। আমাকে সে অনেকবার বলেছে। আমি যখন ওর স্কুলে পড়তাম, তখন দেখতাম মাসুদ স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত।”

মামলা তদন্ত কর্মকর্তা কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মো. হিমেল বলেন, “খোঁজ নিয়ে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, তাতে ঘটনার সতত্যা রয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

তবে অভিযোগ অস্বীকার করে আলী হোসাইনের বাবা মহসিন হাওলাদার বলেন, তার ছেলে ‘এ ধরনের কাজ করতে পারে না’।