২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবস্ত্র করে নির্যাতন: দুই আসামি রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 11:34 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

নোয়াখালী জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, সোমবার বিকালে আদারতে হাজির করে দুই মামলায় এই দুই আসামিকে সাত দিন করে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে পুলিশ।

“শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দুই মামলায় তাদের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

আসামিরা হলেন আবদুর রহিম (২২) ও রহমত উল্যা (৪২)। রোববার রাতে বেগমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫ বছর বয়সী এক গৃহবধূর বাড়িতে ঢুকে একদল যুবক তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং তার ভিডিও ধারণ করে। একমাস পর ৪ অক্টোবর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনায় ওই নারী রোববার রাতে নয়জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করেছেন।

আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।

আসামিদের মধ্যে রহিম ও রহমত উল্যাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া র‌্যাব সোমবার ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থেকে প্রধান আসামি নূর হোসেন বাদলকে (২০) এবং রোববার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

মামলায় ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর তার বাবার বাড়িতে আসেন তার স্বামী। রাত ৯টার দিকে শয়নকক্ষে তিনি স্বামীর সঙ্গে ছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যাসহ অজ্ঞাত আসামিরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে বেঁধে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এতে রাজি না হলে আসামিরা তার ওপর নির্যাতন চালায় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে তিনি জেলা শহর মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায়ও আসামিরা ফোনে তাদের প্রস্তাবে রাজি না হলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়লে বোনের বাসা থেকে তাকে পুলিশ উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একজন নারীকে বিবস্ত্র করে মারধর করছে। তাদের একজন পা দিয়ে ওই নারীর মুখ চেপে ধরেছে। বার বার আকুতি জানানোর পরও নির্যাতন করা বন্ধ করেনি তারা।

আরও পড়ুন

বিবস্ত্র করে নির্যাতন: সেই ভিডিও অপসারণের নির্দেশ  

বিবস্ত্র করে নির্যাতনকারীরা দেলোয়ার বাহিনীর: র‌্যাব  

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪  

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর আটক ১